নিজস্ব প্রতিনিধি, আগরতলা: রাজ্যের আইন-শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। ডিজিপি-র দেওয়া পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তিনি জানান, বিগত ২০ বছরের মধ্যে রাজ্যে বর্তমানে সর্বনিম্ন অপরাধের রেকর্ড নথিভুক্ত হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, গত এক বছরে রাজ্যে অপরাধের হার ৮.৩ শতাংশ হ্রাস পেয়েছে, যা রাজ্যের প্রশাসনিক সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার পুলিশের কাজে কোনো হস্তক্ষেপ করছে না; পুলিশ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে বলেই এই ইতিবাচক ফলাফল সম্ভব হয়েছে।
অন্যদিকে, সরকারের এই সাফল্যের দাবিকে অস্বীকার করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এ প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “বিরোধীদের কাজই হলো বিরোধিতা করা। তাদের কথার সাথে বাস্তব কাজের কোনো মিল নেই। রাজ্য উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং সরকার জনগণের স্বার্থে নিরলস কাজ করে যাবে।”
