TRIPURA PULSE | এক্সক্লুসিভ রিপোর্ট

Tripura Pulse
1 Min Read

সরকারি নির্দেশিকা অমান্য করে চাকমাঘাটে চলছে স্কুল; প্রবল ঠান্ডায় বিপাকে খুদে পড়ুয়ারা

তেলিয়ামুড়া: রাজ্যে জারি হওয়া সরকারি নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেলিয়ামুড়ার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট মগবাড়ি এলাকায় বীর বিদ্যাসাগর পাঠশালা প্রি-প্রাইমারি বিদ্যালয়ে পঠন-পাঠন চলার অভিযোগ উঠেছে। তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে যেখানে রাজ্য সরকার সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, সেখানে এই বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাংবাদিকদের উপস্থিতি ও প্রধান শিক্ষকের সাফাই

বিষয়টি সংবাদমাধ্যমের নজরে আসতেই সাংবাদিকরা বিদ্যালয়ে পৌঁছালে এক চাঞ্চল্যকর পরিস্থিতি সামনে আসে। অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চৌধুরী সংবাদমাধ্যমের সামনে আবেগপ্রবণ কথাবার্তা বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং সম্পূর্ণ দায়ভার অভিভাবকদের ওপর চাপিয়ে দেন।

তড়িঘড়ি ছুটি ও পড়ুয়াদের ভোগান্তি

পরিস্থিতি বেগতিক বুঝে প্রধান শিক্ষক তড়িঘড়ি চলমান পরীক্ষা বন্ধ করে ছাত্রছাত্রীদের বাড়িতে পাঠিয়ে দেন। তবে এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা জানিয়েছে, এই হাড়কাঁপানো ঠান্ডায় দীর্ঘক্ষণ স্কুলে বসে থাকা তাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক মহল যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »